কিশোরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কিশোরগঞ্জ পৌরসভা থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। পরে পৌরসভা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “আমাদের হাত আমাদের ভবিষ্যৎ”।

কিশোরগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক স্থানীয় সরকার কিশোরগঞ্জ রাহুল ঘোষ।

আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, নগর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তাজরীন তাবাসসুম এবং কিশোরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যসম্মত জীবনযাপন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।