হাওড় ভ্রমনে এসে বাড়ি ফেরা হলো না গাজীপুরের আইনজীবীর

কিশোরগঞ্জের হাওরের দৃস্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতেই গাজীপুর থেকে ছুটে এসেছিলেন নয়জন আইনজীবী। দিনভর হাওর ঘুরে ফেরার পথে মুহূর্তেই বদলে গেল সবকিছু। আনন্দের ভ্রমণ পরিণত হলো মৃত্যুর মিছিলে।

অষ্টগ্রামের ভাতশালা সেতু এলাকায় পর্যটকবাহী পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬)। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালেই কিশোরগঞ্জের হাওর দেখতে গাজীপুর থেকে রওনা দিয়েছিলেন তাঁরা। হাওরের সৌন্দর্য উপভোগ শেষে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে যাচ্ছিলেন অটোরিকশায়। কিন্তু সেই যাত্রাই যে মিজানুর রহমানের জীবনের শেষ যাত্রা হবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি কেউ।

পথে পর্যটকবাহী একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে ছিটকে পড়েন যাত্রীরা। গুরুতর আহত হন কয়েকজন আইনজীবী।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট মিজানুর রহমান।

নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন ও অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও একজন আইনজীবী। গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, নয়জন আইনজীবী সকালে গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে এসেছিলেন। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।