এটাই আমার শেষ নির্বাচন, জীবনে হয়তো আর ভোট চাইতে আসব না : ফজলুর রহমান

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি’র প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইটনা মিনি স্টেডিয়ামে এই জনসভা অনুষ্ঠিত হয়।জনসভা এক পর্যায়ে জনস্রোতে পরিণত হয়। দুপুর থেকে ‘ধানের শীষ’ প্রতীকের ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দেন।
এ সময় তারা ‘ফজলু ভাই ফজলু ভাই- এমপি পদে তোমায় চাই’, ভোট দিব কিসে- ধানের শীষে’সহ নানা স্লোগান দেন।
দলীয় নেতা-কর্মীর বাইরে সাধারণ মানুষও জনসভায় আসেন।

বক্তব্যে মুক্তিযুদ্ধ, দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়ে মাঠ সরগরম করেনা।

আগামী ১২ তারিখ নির্বাচনে তাকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি ফজলুর রহমান আপনাদের সন্তান। এটাই আমার শেষ নির্বাচন। জীবনে হয়তো আর ভোট চাইতে আসব না, আমি আপনাদের পাশে ছিলাম, পাশে থাকব। জীবনের শেষ সময়ে আপনারা আমার পাশে থাকবেন।’

ফজলুর রহমানের এই সভায় লক্ষাধিক লোকের সমাগম হয় বলে ধারণা দেন দলটির নেতাকর্মীরা।

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মনির উদ্দিনের সঞ্চালনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ঠাকুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো: পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে সর্বশেষ রোববার অষ্টগ্রামে ও এর আগে শনিবার মিঠামইনে তার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।