কিশোরগঞ্জে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার দুপুর ২টায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কার্যক্রমের সূচনা করেন।

বিক্রয়যোগ্য পণ্যের মধ্যে রয়েছে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর। বাণিজ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক পবিত্র রমজান উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে।

টিসিবির এ পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ইশতিয়াক ইমন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, ট্যাগ অফিসার ও প্রকল্প কর্মকর্তা মো. মোজাম্মেল হক, সহযোগী ট্যাগ অফিসার মো. আল মামুন, টিসিবি ডিলার স্বত্বাধিকারী আশরাফুল আলম শরীফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয়ের জন্য জেলা স্মরণী মোড়, মোরগ মহল, পৌর মার্কেট সংলগ্ন এলাকা, শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা, একরামপুর সিএনজিস্ট্যান্ড, উপজেলা পরিষদচত্বর, গাইটাল পুকুরপাড়, গাইটাল ফার্মের মোড় ও জালালপুর বাজার নির্ধারণ করা হয়েছে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে কার্যক্রম তদারকির জন্য একজন ট্যাগ অফিসার ও একজন সহযোগী ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, ডিলারের ট্রাক থেকে সঠিক পরিমাণে ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, প্রতিদিনের বিক্রয় প্রতিবেদন (বিক্রিতপণ্য, অবশিষ্ট পণ্য ও ক্রেতার সংখ্যা) সংগ্রহ করা এবং কোনো ধরনের মজুত বা কালোবাজারি রোধে ট্যাগ অফিসাররা কঠোর নজরদারি করবেন। টিসিবির নির্ধারিত মূল্যে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতিলিটার ১১৫ টাকা), চিনি ১ কেজি (প্রতি কেজি  ৮০ টাকা, মসুর ডাল ২ কেজি (প্রতি কেজি ৭০ টাকা) ছোলা ১ কেজি (প্রতি কেজি ৬০ টাকা) এবং খেজুর আধা কেজি (১৬০ টাকা) কিনতে পারবেন।