কিশোরগঞ্জে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা ইমামের মৃত্যু

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে  ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোলাম মোস্তফা (৬০) কিশোরগঞ্জ সদর মডেল থানা-এর মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ফজরের নামাজ আদায় করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কে নির্মাণাধীন ড্রেনের পাশে অটোরিকশার ধাক্কা লাগে এতে ইমাম ও অটোরিকশাচালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন গোলাম মোস্তফা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।

নিহতের সন্তান সালমান ফারসি জানান, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি বালুর স্তূপে ধাক্কা দেয়। এতে তার বাবা সড়কে পড়ে গুরুতর আহত হন। আহত অটোরিকশা চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

কিশোরগঞ্জ সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে দৃশ্যমান গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে মরদেহটি রাখা হয়েছে।