কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর সন্তান নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে শুভ নামের এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর বলিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটেছে। খুন হওয়া যুবক শুভ মিয়া(২২) ওই এলাকার সৌদি প্রবাসী সাদিকুল ইসলামের একমাত্র ছেলে।
পুলিশ ও নিহতের চাচী হেনা আক্তার জানায়, তারাবির নামাজের পর একই এলাকার নুরু মিয়ার ছেলে রিয়াদ(২২), আব্দুস সালামের ছেলে নাঈম মিয়া(২১), বকুল মিয়ার ছেলে আরমানসহ অজ্ঞাত নামা ১০-১৫ জন মাদক সেবনকারীরা নিহতের বাড়ি ঘরের টিনের চালায় ইট পাটকেল নিক্ষেপ ও ঘরের বেড়ায় হামলা করে। এ সময় শুভ মিয়া এতে বাঁধা দিলে রিয়াদের হাতে থাকা সুইচ গিয়ার ( ছুরি জাতীয় ধারালো অস্ত্র) দিয়ে গলায় ও মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্বজনরা শুভকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুভর রমজান মাসেই সৌদি আরব যাওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ভিসা ও পাসপোর্টের কাজ শেষ করে তিনি প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার মায়ের ইচ্ছে ছিল, ছেলে যেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে তারপর বিদেশে যায়। কিন্তু সেই আশা আর পূরণ হলো না।
এ ঘটনায় এলাকায় শোকের পরিস্থিতি বিরাজ করছে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) জানান, ভিকটিমের ময়নাতদন্তের পর লাশের দাফন সম্পন্ন হলে,  আইনি পদক্ষেপ নেওয়া হবে।