ইরানে নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন-সম্পৃক্ততার দায়ে দুই ব্যক্তির ফাঁসি

দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইরানে৷  ইরানে নিষিদ্ধ ঘোষিত বিরোধী দল পিপলস মুজাহিদিন অফ ইরান-এর সদস্য হওয়ার দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ পিপলস মুজাহিদিন অফ ইরান অনেকের কাছে মুজাহিদিন-ই খালক (এমইকে) নামেও পরিচিত৷

ইরানের বিচার বিভাগে ওয়েবসাইট মিজান অনলাইন জানায়, ‘‘নিশ্চিত হয়ে এবং সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর আজ সকালে আকবর দানেশভারকর এবং মোহাম্মদ তাঘাভি-সাংদেহিকে ফাঁসি দেওয়া হয়েছে৷’’

মিজান অনলাইনে আরো বলা হয়, ওই দুই ব্যক্তি ‘দাঙ্গা ও নগর সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত ছিলেন, তবে বছরের শুরুতে দেশজুড়ে যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, তার সঙ্গে এর কোনো যোগসূত্র ছিল কিনা তা স্পষ্ট নয়৷

সংবাদ সংস্থা ফার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, দুই ব্যক্তির অ্যাপার্টমেন্ট থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, তারা হামলা চালানোর পরিকল্পনা করছিলেন৷

ইরান সরকার ১৯৮০-র দশকে এমইকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে
নিষিদ্ধ করে৷ বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করেছে তাদের৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)