ইউএনওর হস্তক্ষেপে ভাস্করখিলা বিলের জলাবদ্ধতা নিরসন

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের বড় বিল, মধ্য বিল ও উত্তরের বিলের জলাবদ্ধতা নিরসন এবং পানিতে নিমজ্জিত বোরো ফসল রক্ষায় উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ।

এ লক্ষ্যে ভাস্করখিলা থেকে মাইজখাপন পর্যন্ত পাঁচধা খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। জানাযায়, কয়েক শত বছরের প্রাচীন ভাস্করখিলা বিলে কয়েক হাজার হেক্টর জমিতে রোপিত বোরো ধান জলাবদ্ধতার কারণে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি অপরিকল্পিতভাবে ফিসারি খনন করায় বিলের স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাষীরা মঙ্গলবার (২০ এপ্রিল ) সকাল ১০ ঘটিকায় ভাস্করখিলা বিল সংলগ্ন মানববন্ধন কর্মসূচি পালন করে প্রতিবাদ জানান। খবর পেয়ে ইউএনও মো. কামরুল হাসান মারুফ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে তিনি বিল এলাকায় শামীমের খননকৃত ফিসারি পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে পাঁচধা খালের উৎসস্থলের বাঁধ ভেঙে পানি প্রবাহ স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়। কৃষকদের দাবির প্রেক্ষিতে খালটি পুনঃখননের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জয়নাল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, ভূমি সহকারী কর্মকর্তা জ্যোতির্ময় রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা নাছিরুজ্জামান সুমন, বিএনপি নেতা সোহরাব উদ্দিন, এনামুল হক বাবুল, কৃষকদল নেতা জামাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুদ্দিন, মহিনন্দ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, ইউপি সদস্য মাহতাব উদ্দিন ও খায়রুল ইসলামসহ কয়েক শতাধিক ক্ষতিগ্রস্ত চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।