কিশোরগঞ্জে ৬ দফা দাবীতে ভূমি কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান

কিশোরগঞ্জে ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের বেতন সংক্রান্ত জটিলতা নিরসন ও বেতন বৈষম্য দূরীকরণ, পদোন্নতি, নন ক্যাডার থেকে নিয়োগসহ ছয় দফা দাবীতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, জেলা শাখা, কিশোরগঞ্জ কর্তৃক জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র  সচিব বরারব স্মারকলিপি প্রদান করা হয়েছে।। 

বৃহস্পতিবার (২৯) জানুয়ারী কিশোরগঞ্জে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যোতির্ময় রায় ও সাধারণ সম্পাদক ওয়ারেস আবদুল্লাহ এর নেতৃত্বে কিশোরগঞ্জের ভূমি কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত মহোদয়ের কাছে এ স্মারকলিপি প্রদান করেন এসময় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান উপস্থিত ছিলেন।

ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যোতির্ময় রায় বলেন, দলিলের সঠিকতা যাচাইয়ের এখতিয়ার না থাকা সত্ত্বেও ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা থেকে দায়মুক্তি প্রদান এবং ন্যায্য দাবি-দাওয়া আদায়ের জন্য আমরা স্মারকলিপি প্রদান করেছি।
 ৬ দফা দাবি গুলো হলো- ১) দলিলের সঠিকতা যাচাই ও নিরূপণের সক্ষমতা না থাকা সত্ত্বেও ভূমি সংক্রান্ত বিরোধে অসাধু মহল কর্তৃক হয়রানিমূলক উদ্দেশ্যে ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারি মামলার দায়মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করা, ২। নিয়োগ বিধি অনুযায়ী ৪০তম বিসিএস ও ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগের ধারাবাহিকতা বজায় রেখে ভূমি উপ-সহকারী কর্মকর্তার শূন্য পদে বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগ প্রদান, ৩। বিদ্যমান দায়িত্ব ও কাজের পরিধি বিবেচনায় ভূমি সহকারী কর্মকর্তা পদটিকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদটিকে ১২তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করা, ৪। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও দীর্ঘসূত্রতা নিরসন করা, ৫। বেতন নির্ধারণ জটিলতা নিরসন ও বেতন বৈষম্য দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও ৬। মাঠপর্যায়ে কাজের ঝুঁকি ও অতিরিক্ত দায়িত্ব বিবেচনায় বিশেষ ভাতা/ঝুঁকি ভাতা প্রদান।