বড় বোন ও ভাগনিদের করা বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের গৌরাঙ্গবাজারে কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা ও সংবাদ সম্মেলন করা হচ্ছে।
এর আগে গত ১৮ নভেম্বর নুরুল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তাঁর ভাগ্নি মোতাহারার ছেলে সাইফুল ইসলাম।
ওই সংবাদ সম্মেলনে পারিবারিক ভূমি আত্মসাৎ, টাকা পাওনা ও দলীয় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে মারধর করার অভিযোগ আনা হয়।
বড় বোন মারজান আক্তার, দুই ভাগনি মোতাহারা ও রোমা আক্তারকে প্ররোচনা করে আনা হয় বলে তাঁর দাবি।
তাঁদের আনা অভিযোগের প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলন করেন নুরুল্লাহ।
লিখিত বক্তব্যে নুরুল্লাহ বলেন, তাঁর দুই বোনের ছেলেমেয়েদের মধ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত দুই বছর ধরে একটি মহল তাঁর বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে বোন ভাগ্নিদেরকে দিয়ে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করানো হয়। এসব মামলার অভিযোগও মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি জানান। ঘটনার দিন তিনি জেলা পুলিশ সুপারের একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে দাবি করেন নুরুল্লাহ।
নুরুল্লাহ বলেন, তাঁর বড় বোন মারজান আক্তার বাবার রেখে যাওয়া উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরে বোনের অসহায়ত্ব বিবেচনা করে নিজের সম্পত্তি থেকে ছয় শতাংশ জমি তাঁকে হেবা দলিল করে দেন। সেখানে বোন বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। এরপরেও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
নিজের বিরুদ্ধে করা তিনটি মামলার নম্বর সি.আর. ৬০৮/২৫, ৬৩৮/২৫ ও ৭৫২/২৫ উল্লেখ করে তিনি বলেন, প্রথম মামলায় ডিবির তদন্তের পর আদালত তাঁকে শ্লীলতাহানির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। দ্বিতীয় মামলায় ভূমি জালিয়াতির অভিযোগ খারিজ হয়েছে।
তৃতীয় মামলায় জমি ফেরত দেওয়ার বাবদ নির্ধারিত ১০ লাখ টাকার মধ্যে আট লাখ টাকা তিন কিস্তিতে এবং গত ১৬ নভেম্বর আদালতের মাধ্যমে আরও এক লাখ টাকা পরিশোধ করেছেন বলে জানান তিনি। আগামী ২৬ ডিসেম্বর বাকি এক লাখ টাকা পরিশোধের জন্য আদালত নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন নুরুল্লাহ।
এ ছাড়া ভাগনি রোমা আক্তারের এক লাখ টাকা আত্মসাৎ এবং বড় বোনের পরিবারের সদস্যদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। নুরুল্লাহর দাবি, এসব অভিযোগ ও মামলা দিয়ে তাঁকে, তাঁর পরিবার এবং জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
