​কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ঘিরে আলোচনায় ডা. এরশাদ আহসান সোহেল

প্রচ্ছদ

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:

সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে বেশ জোরালোভাবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনৈতিক সংগঠক ডা. মো. এরশাদ আহসান (সোহেল)।

আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই উপনির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে তাঁর নাম শীর্ষে রয়েছে।

​করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের সন্তান ডা. মো. এরশাদ আহসান সোহেল ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্ণাঢ্য ছাত্ররাজনীতির ধারাবাহিকতায় তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০২ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের (লালটু-হেলাল কমিটি) কার্যকরী সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

​পেশাগত জীবনে তিনি বর্তমানে ঢাকার শাহবাগস্থ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চিকিৎসকদের জাতীয় সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এবং কিশোরগঞ্জ জেলা ড্যাবের সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাবিত রয়েছেন। এছাড়া জেলা পর্যায়ের রাজনীতিতে তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন।

​দলীয় সূত্রে জানা গেছে, ডা. সোহেল দীর্ঘদিন ধরেই করিমগঞ্জ ও তাড়াইলের আপামর জনসাধারণের সুখে-দুঃখে পাশে রয়েছেন এবং এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে কাজ করছেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিমন্ত্রণে মনোনয়ন প্রত্যাশীদের কনফারেন্সেও তিনি অংশগ্রহণ করেন।
​উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত ১৭ নভেম্বর ড. ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ক্লিন ইমেজ, শিক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে করিমগঞ্জ-তাড়াইল অঞ্চলের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রত্যাশা, আসন্ন উপনির্বাচনে দল ডা. মো. এরশাদ আহসান সোহেলকেই ধানের শীষের কাণ্ডারি হিসেবে মনোনীত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *