কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে জেলা পুলিশের বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন 

সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে এবং দায়িত্বশীল ড্রাইভিংয়ে উৎসাহিত করার লক্ষ্যে একটি বিশেষ প্রচারণা অভিযান (ক্যাম্পেইন) শুরু করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে বাসে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে শীর্ষক এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।    
অভিযান শুরুর পর উপস্থিত চালক ও হেলপারদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় পুলিশ সুপার বলেন, চালকদের অসচেতনতা ও দক্ষতার অভাবই সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। তিনি উল্লেখ করেন, কেবল মামলা বা আইনি ব্যবস্থা নিয়ে দুর্ঘটনা পুরোপুরি কমানো সম্ভব নয়। এর জন্য চালক ও পরিবহন মালিকদের মানসিকতার পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। মূলত চালকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল করে তোলাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
মোহাম্মদ মিজানুর রহমান আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও কঠোর আইনি প্রক্রিয়া চলমান থাকবে। 
এদিকে পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চালক ও যাত্রীরা। কিশোরগঞ্জ-ঢাকা রুটের কয়েকজন চালক জানান, টার্মিনাল ও সড়কে সরাসরি এ ধরনের সচেতনতামূলক বার্তা দেওয়ার ফলে চালকদের মধ্যে সতর্কতা ও দায়িত্বশীলতা বাড়বে, যা সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে সাহায্য করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আবু নাসের মোহাম্মদ জহির, ট্রাফিক পরিদর্শক মনিরুজ্জামান, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক আনিসুজ্জামান বাবুল, সদস্য সচিব শহিদুল ইসলাম, গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালের আহ্বায়ক হুমায়ুন কবির এবং যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল আলম জোসেফসহ পরিবহন খাতের নেতৃবৃন্দ।