কিশোরগঞ্জে ১৪ লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ সদর উপজেলায় দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ (ম্যাজিক জাল) জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় অবৈধভাবে জাল উৎপাদন করার অপরাধে এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (শনিবার) কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের চিকনিরচর গ্রামে এই মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে নিষিদ্ধ জাল উৎপাদন করার সুনির্দিষ্ট অভিযোগে চিকনিরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে শাফায়াতকে (২৫) আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় ৪০০ পিস (১৬ হাজার মিটার) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত এসব ক্ষতিকারক জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল এবং সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জিনাত জাহান বর্ণালী। অভিযান চলাকালে পুলিশ প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের একটি চৌকস টিম সার্বিক সহায়তা প্রদান করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জিনাত জাহান বর্ণালী বলেন, “চায়না দুয়ারি জাল অত্যন্ত ক্ষতিকর একটি অবৈধ মৎস্য আহরণ উপকরণ। এই সূক্ষ্ম ফাঁসের জালে মাছের পোনা, ডিম ও ছোট আকারের মাছ নির্বিচারে ধরা পড়ে। ফলে আমাদের প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।” দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।