কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন ২০২৬ নেহাল গ্রীন পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এর
পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা অধ্যক্ষ মো. তৈয়বুজ্জামান ও অধ্যাপক আব্দুস সালাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ এবং ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ারী থানার আমীর মাহবুবুর রহমান মাহফুজ, জেলা শিবির সভাপতি মোজাহিদ বিল্লাহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীল ও রুকনবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উদ্বোধনী বক্তব্যের পর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী দলীয় নিয়ম অনুযায়ী নির্বাচন পরিচালকদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর তিনি সভাপতির আসন ছেড়ে রুকনদের সারিতে বসেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী দুই ২৭/২৮ সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে গোপন ব্যালটে ভোট দিয়েছেন সংগঠনটির আট শতাধিক পুরুষ ও নারী রুকন (সদস্য)। তবে ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। কেন্দ্র থেকে পরে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী সাইফুল্লাহ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম ও মাওলানা এস এম ইউসূফ।