জেলা প্রশাসনের মানবিক সহায়তা পেল কিশোরগঞ্জের সংবাদপত্রের হকার গণ

মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে জেলার সংবাদপত্র হকারদের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি জেলার ২৫ জন সংবাদপত্র হকারের মাঝে ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি চাল বিতরণ করেছেন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন সংবাদপত্র হকারদের যেকোনো সংকট ও সমস্যায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, সংবাদপত্র ফেরি করার মধ্য দিয়ে হকারেরা আমাদের জ্ঞান অর্জনের রাস্তাটা করে দেন। ডিজিটাল প্রযুক্তির যুগে আমরা অফলাইনের চেয়ে অনলাইনে এখন খবর বেশি পড়ি। এরপরও আমরা ছাপা সংবাদপত্রের উপর নির্ভর করি। এই জেলায় কাজ করতে এসে জেলাবাসীর জন্য যদি সহযোগিতামূলক কিছু করতে পারি, আমার কাছে মনে হয়- দিনশেষে এটিই আমার অর্জন। আমার দ্বারা যদি একটি মানুষও উপকৃত হয়, সারাদিনের কর্মযজ্ঞের মাঝে এটিই হবে আমার সফলতা। অনুষ্ঠানে অন্যদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, কিশোরগঞ্জ জেলা পত্রিকা হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। পেশার সংকটকালে মানবিক সহায়তা পেয়ে সংবাদপত্র হকারেরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা জেলা প্রশাসনের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।