অষ্টগ্রামে অভিযোগের শুনানি: প্রমাণ দিতে ব্যর্থ অভিযোগকারী, সাক্ষীদের স্বীকারোক্তি—’সভাপতি বলায় এসেছি’

জেলা সংবাদ প্রশাসন

হাওর অঞ্চল প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও এক চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে আনীত ঘুষ লেনদেন ও হয়রানির অভিযোগের প্রকাশ্য শুনানিতে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি অভিযোগকারী। উল্টো শুনানিতে সাক্ষী হিসেবে উপস্থিত সাধারণ মানুষের একাংশ জানিয়েছেন, তাঁরা অভিযোগের বিষয়ে কিছুই জানেন না এবং কেবল ‘দলের সভাপতি ডাকায়’ শুনানিতে এসেছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব)জনাব সাথী দাস।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর অষ্টগ্রাম উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. শাকিল মোল্লা এবং চেইনম্যান (চতুর্থ শ্রেণির কর্মচারী) মো. সাফি উদ্দিনের বিরুদ্ধে নামজারি-জমাখারিজ ও মামলার তদন্তে অতিরিক্ত অর্থ দাবি এবং হয়রানির অভিযোগ এনে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে গত ২৬ অক্টোবর (স্মারক নম্বর: ৩১.১২.৪৮০০.০০৭.১৪.০২৩৬.২৫-১৮১০) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ৪ নভেম্বর (স্মারক নম্বর: ১৩৩৩) অভিযোগকারীকে প্রমাণক, নথিপত্র ও সাক্ষীসহ উপস্থিত হওয়ার জন্য আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়।
সোমবার শুনানিকালে অভিযোগকারী মাহফুজ আলম খান উপস্থিত হলেও অভিযোগের সপক্ষে কোনো র্নিদিষ্ট দালিলিক প্রমাণ বা ভুক্তভোগী সেবাগ্রহীতার সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে পারেননি। এছাড়া তিনি একটি ভূমি অপরাধ বিষয়ক ৩১৮/২৬ নং মামলা-এর কথা উল্লেখ করলেও ওই মামলার বাদী শুনানিতে অনুপস্থিত ছিলেন। বাদীর ভাই মো. ইয়াকুব আলী উপস্থিত থাকলেও উক্ত মামলা পরিচালনার অনুমতিপত্র এবং অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ দাখিল করতে পারেননি।
এদিকে শুনানিতে উপস্থিত সাক্ষী ও স্থানীয় বাসিন্দাদের পৃথক বক্তব্য নেওয়া হলে ভিন্ন চিত্র উঠে আসে। উপস্থিত ব্যক্তিদের মধ্যে হাবিব আশরাফী ও জসিম উদ্দিন জানান, নামজারি আবেদন বা অভিযোগের বিষয়ে তাঁদের কোনো অভিযোগ নেই। অন্যদিকে অহিদ মিয়া, মো. এরশাদ আলী, বাবুল মিয়া, আশরাফ আলী ও কেরামত আলী লিখিত ও মৌখিক জবানবন্দিতে স্পষ্টভাবে জানান, অভিযোগের বিষয়ে তাঁরা কিছুই জানেন না এবং তাঁদের কোনো অভিযোগও নেই; কেবল দলের সভাপতি ডাকায় বা আসতে বলায় তাঁরা শুনানিতে এসেছেন। এছাড়া শুনানিতে উপস্থিত স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন মুকুল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নিজামুল হক নজরুল সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ বিষয়টিকে ভিত্তিহীন হিসেবে উপস্থাপন করেন।
শুনানিতে অভিযুক্ত সার্ভেয়ার মো. শাকিল মোল্লা এবং চেইনম্যান মো. সাফি উদ্দিন ই-নামজারির শতভাগ ক্যাশলেস ব্যবস্থা ও তাঁদের দাপ্তরিক এখতিয়ারের সীমাবদ্ধতা তুলে ধরে সন্তোষজনক জবাব দেন। সার্ভেয়ার শাকিল মোল্লার দাবি, অভিযোগকারী অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সরকারি দপ্তর ও কর্মচারীদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েছেন।
শুনানি ও সার্বিক তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে তদন্তকারী কর্মকর্তা জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সরকারি দপ্তর ও কর্মচারীদের অযথা হয়রানি করার চেষ্টায় স্থানীয় সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *