আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রবিবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‍্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জের  সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাজমুল করিম, সিভিল সার্জনের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় সর্পদংশন প্রতিরোধ, সঠিক সময়ে যথাযথ চিকিৎসা গ্রহণ এবং সর্পদংশন-পরবর্তী করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্পদংশন সচেতনতা বিষয়ক একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মিনহাজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ সর্পদংশন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সর্পদংশন একটি প্রতিরোধযোগ্য জনস্বাস্থ্য সমস্যা। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা গ্রহণ এবং প্রচলিত ভুল ধারণা দূর করার মাধ্যমে সর্পদংশনজনিত মৃত্যু ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব বলে জানান বক্তারা।