যথাযথ নিয়ম না মেনে এবং প্রকৃত ও নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠকদের অবমূল্যায়ন করে কমিটি গঠনের অভিযোগ তুলে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত ক্রিকেট উপ-কমিটি থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ এনামুল হক (উমর)। তিনি কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার নবদিগন্ত ক্রিকেট ক্লাবের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রীড়াঙ্গনে যুক্ত রয়েছেন।
গত সোমবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এক লিখিত পদত্যাগপত্রে তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
পদত্যাগপত্রে সৈয়দ এনামুল হক উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি জানতে পারেন যে, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটি গঠিত হয়েছে এবং ওই কমিটিতে তাঁকে সদস্য হিসেবে রাখা হয়েছে। অথচ এই কমিটি গঠনের বিষয়ে তাঁকে পূর্বে আনুষ্ঠানিকভাবে কিংবা ব্যক্তিগতভাবে কিছুই জানানো হয়নি।
কমিটি গঠনের পুরো প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি আরও উল্লেখ করেন, কোনো ধরনের নিয়মনীতি বা স্বচ্ছতা ছাড়াই এই কমিটি গঠন করা হয়েছে, যেখানে জেলা ক্রিকেটের অনেক পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠককে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তাঁর মতে, এ ধরনের একপাক্ষিক ও অপরিকল্পিত প্রক্রিয়া কিশোরগঞ্জের সম্ভাবনাময় ক্রীড়াঙ্গনে একটি অনাকাঙ্ক্ষিত ও হতাশাজনক পরিবেশ তৈরি করেছে।
এমন পরিস্থিতিতে নবগঠিত ওই উপ-কমিটিতে নিজের অবস্থান বজায় রাখা সমীচীন নয় বলে মনে করেন তিনি। তাই তাৎক্ষণিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।
