কিশোরগঞ্জে জমি কেনার পর মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জেলা সংবাদ

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নে জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. মানিক মিয়া। জমি কেনার জন্য বায়নাপত্র সম্পাদন, টাকা পরিশোধ, সাফ কবলা দলিল নিবন্ধন ও নামজারি সম্পন্ন করার পরও একই জমি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে দাবি তাঁর।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকার একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে মো: মানিক মিয়া জানান, তিনি লতিবাবাদ নামাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং ত্রিমারী খামার ও মৎস্যচাষের সঙ্গে জড়িত। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে সৈয়দ মাহাবুবুর রহমানের কাছ থেকে জমি কেনার জন্য বায়নাপত্র সম্পাদন করেন। এ সময় ২১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন বলে দাবি করেন তিনি।

পরবর্তী সময়ে ৬ জুলাই ২০২৬ তারিখে ৪৯৫০ নম্বর বায়নাপত্র দলিলের মাধ্যমে ৫৫ দশমিক ১২ শতাংশ জমি রেজিস্ট্রি বায়না করেন। একই দিনে ৪৯৬৭ নম্বর সাফ-কবলা দলিলমূলে আরও ২৬ দশমিক ২৫ শতাংশ জমি কেনেন বলে জানান তিনি। কেনা জমি নিজের নামে নামজারি ও খারিজ সম্পন্ন করে বর্তমানে ভোগদখলে রয়েছেন বলেও দাবি করেন মানিক মিয়া।

তিনি অভিযোগ করেন, বায়নাপত্র ও সাফ কবলা দলিল সম্পাদনের পর জানতে পারেন, একই জমি নিয়ে অন্য পক্ষের পক্ষেও আমমোক্তারনামা বা দলিল সম্পাদনের ঘটনা রয়েছে। এতে জমির মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

মানিক মিয়া লিখিত বক্তব্যে আরও বলেন, দলিল লেখক মহিউদ্দিন বাবুল ও তার মেয়ের জামাই ওসমান গনি পাওয়ার অফ এটর্নী গ্রহীতা আবুল কালাম ও আবুল কালাম এর বড় ছেলে মো: আজিজুল হাকিম গোপন ষড়যন্ত্র করে আমার দলিলদাতা মাহবুবুর রহমানের কাছ থেকে পাওয়ার অফ এটর্নী গ্রহণ করে।

মানিক মিয়ার দাবি, ওই পাওয়ার অব অ্যাটর্নিতে জমির দাগ ও খতিয়ান নম্বরসহ তথ্যে নানান অসংগতি রয়েছে। এমনকি তাঁর কেনা জমির অংশও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মানিক মিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রতারণামূলক পাওয়ার অব অ্যাটর্নি বাতিলের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জমি বিক্রেতা সৈয়দ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পাওয়ার অব অ্যাটর্নি স্বেচ্ছায় দেইনি। আমি লেখাপড়া জানি না। আমার সাথে প্রতারণা করে পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর নিয়েছে।

অভিযুক্ত আবুল কালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *