ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

​কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে  ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন নাহার শাম্মী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব।

​তিনি আরো বলেন, জেলায় সম্প্রতি ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য উল্লেখ করে এই পরিস্থিতিকে আশঙ্কাজনক হিসেবে বর্ণনা করেন। ড্রেনে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা ডেঙ্গু মশার প্রধান প্রজননক্ষেত্র। ময়লা ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার থেকেই সন্তানদের সুঅভ্যাস ও পরিচ্ছন্নতার প্রাথমিক শিক্ষা দিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গড়তে পৌরসভা ও জনগণের যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

উপ-সহকারী প্রকৌশলী  ফারুক আহমেদের সঞ্চালনায়  বৈঠকে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাহেব আলী, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, অ্যাডভোকেট আবদুল্লাহ আল বুখারী এবং বিশিষ্ট ব্যবসায়ী জোনায়েদ পিন্টু। এ সময় কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, আজিজুল হক ও সারোয়ার জাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

​অনুষ্টানে রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।