সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুবীর বসাক সোমবার (২রা নভেম্বর) সন্ধ্যায় পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সুবীর বসাক এর মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব পরিবার গভীরভাবে শোকাভিভূত। তাঁর মৃত্যু কিশোরগঞ্জের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় তিনি যে অবদান রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জবাসী একজন কীর্তিমান সাংবাদিককে হারালো।
তাঁর বিদেহী আত্মার সদ্গতি কামনা করি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, পরিজন ও সহকর্মীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।