তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তি আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তির ছয় বছর বয়সী এক নাতি শিশুটিকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন শিশুটির মা।

এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ও পরিবারের আরেক সদস্য ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি ঘর থেকে বের হয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটিকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর শুক্রবার শিশুটির মা বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি করা হয়েছে। মামলার নম্বর ০৭।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, মামলা হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।