বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে কটিয়াদী থানার ওসি মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তিনি বলেছেন, তার কিংবা পরিবারের কোনো সদস্যের ওপর হামলা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার ওসিকে নিতে হবে।
সোমবার (৯ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা এক লাইভে এসব কথা বলেন তিনি।
লাইভে তিনি অভিযোগ করেন, যেকোনো সময় তার বিরুদ্ধে মামলা দেওয়া হতে পারে। ওসির চাকরি চলে যাওয়ার আশঙ্কা থেকে তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হতে পারে বলে দাবি করেন তিনি। ওসির কথিত অনিয়ম ও অপকর্মের বিষয়ে কথা বলার কারণেই তিনি পুলিশের ওই কর্মকর্তার রোষানলে পড়েছেন বলেও অভিযোগ করেন।
আখতারুজ্জামান রঞ্জন আরও দাবি করেন, কটিয়াদীতে মাদকের গডফাদার ওসি। উপজেলার নয়টি ইউনিয়নে ওসির মনোনীত ৩০ জন লোক মাদককারবারের সঙ্গে জড়িত। ওসি সারা রাত উপজেলাজুড়ে ঘোরাফেরা করেন এবং মাদকসহ আসামি গ্রেফতারের পর তাদের কাছ থেকে অর্থ আদায় করেন বলেও অভিযোগ করেন তিনি।
