অখণ্ড কিশোরগঞ্জ রক্ষার দাবিতে বিক্ষোভ-সমাবেশ

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন-জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও অখন্ড কিশোরগঞ্জ জেলা আন্দোলনের মুখপাত্র জগলুল হাসান চয়ন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক নাঈম ও শেখ মুদাছির তুশি, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহানসহ আরো অনেকেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ‘কিশোরগঞ্জ বিএনপির যিনি দায়িত্বে রয়েছেন শরীফুল আলম। আপনারা উনার মাধ্যমে আপনাদের দাবি সচিবালয়ে, মন্ত্রণালয়ে, উপদেষ্টাদের নিকট পৌঁছান। কিন্তু আপনারা ট্রেন আটকে পাথর নিক্ষেপ করেছেন। হামলা-ভাঙচুর করেছেন। সহিংসতা ঘটিয়েছেন। এটা ফ্যাসিস্টের কাজ। আমরা অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের দাবি জানাই।’

ভৈরব জেলার দাবিতে আন্দোলনে ট্রেনে হামলার প্রসঙ্গ তুলে ধরে সমাবেশে অখণ্ড কিশোরগঞ্জ জেলা রক্ষার মুখপাত্র ও কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান চয়ন বলেন, ‘কিছু সন্ত্রাসী যাত্রীবাহী ট্রেনে মধ্যযুগীয় কায়দায় পাথর নিক্ষেপ করেছে। সেই ঘটনায় ২০ জন আহত হয়েছে। আপনারা জেলার দাবি করবেন, সেটা আপনাদের ব্যাপার, ওইখানে নাক গলাব না। আমি শুধু বলব, আপনারা ট্রেনে হামলা করে নৈতিকভাবে সেটা হারিয়েছেন। ট্রেনে হামলার ঘটনায় যে মামলা হয়েছে, সেই মামলায় অপ্রাপ্তবয়স্ক তিনজনকে গ্রেপ্তার করেছে। এগুলো না করে, যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে।’

ইকরাম হোসেন বলেন, ভৈরবের ট্রেনে হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে। হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। যারা জেলার এই অখণ্ডতার বিরুদ্ধে কাজ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে।

বিক্ষোভ-সমাবেশ থেকে অখণ্ড জেলার দাবি মেনে নিয়ে কিশোরগঞ্জের মানুষের শান্তি ও ঐক্য অক্ষুণ্ণ রাখতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।

অখণ্ড কিশোরগঞ্জ জেলা রক্ষার মুখপাত্র ও কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান চয়নের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন, সাবেক সদস্যসচিব ফয়সাল প্রিন্স, হয়বতনগর বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জনি, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লিমন, কিশোরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম তুহিন। সমাবেশ পরিচালনা করেন গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছির তুসি প্রমুখ।