কৃষি জমির টপসয়েল থেকে মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিবপুর বাজার সংলগ্ন এলাকায় ফসলি জমির ‘টপসয়েল’ (উপরের উর্বর মাটি) কাটার অপরাধে একটি অবৈধ ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার ২২ (সেপ্টেম্বর) আনুমানিক  দুপুর ১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, লতিবপুর বাজার সংলগ্ন ফসলি জমিতে প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে ড্রেজার বসিয়ে অবাধে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে, এমন একটি গোপন সংবাদ আসে উপজেলা প্রশাসনের কাছে।
তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মোবাইল কোর্টের একটি দল। সেখানে গিয়ে দেখা যায়, ড্রেজারের মাধ্যমে প্রকাশ্যেই কৃষি জমির উপরিভাগের মূল্যবান মাটি (টপসয়েল) কেটে সাবাড় করা হচ্ছে, যা ফসলি জমির জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

ঘটনাস্থলেই অপরাধের সত্যতা মেলায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ (ক) ধারা লঙ্ঘনের অপরাধে, একই আইনের ১৫(১) ধারা মোতাবেক দোষীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সামা। অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন রশিদাবাদ ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলা পুলিশের সদস্যগণ এবং স্থানীয় গ্রাম পুলিশ।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা জানান, কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরণের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।