কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ পৌরসভার আয়োজনে গাইটাল আঃ ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী বলেন, কিশোরগঞ্জে সম্প্রতি শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ড্রেনে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এসব জায়গা ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হচ্ছে। তাই ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে হবে। পৌরসভা ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গড়ে তোলা সম্ভব।

উঠান বৈঠকে গাইটাল আঃ ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রুমা অঞ্জলি, জনতা রোডের বাসিন্দা আবু বক্কর মাস্টার, সিরাজ উদ্দিন ও গন্যমান্য ব্যক্তিবর্গ ডেঙ্গু রোধে ও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদক, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং উপসহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, আজিজুল হক, সারোয়ার জাহান চৌধুরী পৌরসবার হিসাব রক্ষক সিরাজুল ইসলাম মস্তান, পৌর কর্মচারী সংসদের আহবায়ক মো; আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান।

জনতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।