বাজিতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামূর মৃত্যুদণ্ড

বাজিতপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ইসমাইল সাগর মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার মৃত আয়েত আলীর ছেলে ইসমাইল সাগর মিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ১২ এপ্রিল রাতে তার স্ত্রী ঝর্ণা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

মামলার শুরু থেকেই ইসমাইল সাগর মিয়া পলাতক ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১০ বছর পর আজ মামলাটির রায় ঘোষণা হলো। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালতের রায়ে ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এক দশক আগে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের রায় এলো আজ, কিন্তু দণ্ডিত আসামি এখনো পলাতক। ফলে মৃত্যুদণ্ড কার্যকর এবং আসামিকে আইনের আওতায় আনার বিষয়টিও সামনে এসেছে।