বাংলাদেশের শীর্ষ ৫০ আইনজীবীর তালিকায় কিশোরগঞ্জের মোঃ খাদেমুল ইসলাম চয়ন

কিশোরগঞ্জের কৃতি সন্তান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ খাদেমুল ইসলাম চয়ন দেশের শীর্ষ আইনজীবীদের তালিকায় স্থান পেয়েছেন। হংকংভিত্তিক আন্তর্জাতিক জার্নাল Asia Business Law Journal প্রকাশিত ২০২৬ সালের ‘Bangladesh’s Top Lawyers (The A-List 2026)’-এ তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে।

ব্যবসা ও কর্পোরেট আইনবিষয়ক এই আন্তর্জাতিক জার্নাল প্রতিবছর এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ আইনজীবীদের তালিকা প্রকাশ করে। আইনজীবীদের পেশাগত দক্ষতা, ক্লায়েন্টদের মতামত এবং আইনি খাতে সামগ্রিক অবদানের ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করা হয়। এবারের ‘Bangladesh’s Top Lawyers (The A-List 2026)’-এ বাংলাদেশের ৫০ জন বিশিষ্ট আইনজীবী স্থান পেয়েছেন। তালিকায় স্থান পাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের জামিয়া রোডের বাসিন্দা, হাজী মোঃ গোলাম কিবরিয়া ভুইয়া সাহেবের সন্তান এবং কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম হাজী মোঃ ইসহাক ভুইয়া সাহেবের নাতি অ্যাডভোকেট মোঃ খাদেমুল ইসলাম চয়ন।

অ্যাডভোকেট চয়ন কর্পোরেট ও কোম্পানি আইন, বিদেশি বিনিয়োগ, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন (Mergers & Acquisitions), কর্পোরেট গভর্নেন্স, শ্রম আইন, তথ্যপ্রযুক্তি এবং অনলাইন গেমিং-সংক্রান্ত আইনি বিষয়ে কাজ করে আসছেন। তিনি আইন পরামর্শক প্রতিষ্ঠান KIC Legal-এর প্রধান। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি বিনিয়োগকারী, বহুজাতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসায়িক সংস্থাকে বিভিন্ন জটিল আইনি বিষয়ে পরামর্শ দিয়ে আসছে।

এই স্বীকৃতি প্রসঙ্গে অ্যাডভোকেট মোঃ খাদেমুল ইসলাম চয়ন বলেন, “আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রকাশনায় স্থান পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। এ জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বাবা-মা, পরিবারের সদস্য, সহকর্মী, ক্লায়েন্ট এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের আস্থা, সহযোগিতা ও নিরন্তর উৎসাহ আমার পেশাগত পথচলায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে দেশের আইন পেশাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরতে চাই।”

এই স্বীকৃতি অ্যাডভোকেট মোঃ খাদেমুল ইসলাম চয়নের পেশাগত সাফল্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই স্বীকৃতির মাধ্যমে অ্যাডভোকেট মোঃ খাদেমুল ইসলাম চয়ন শুধু ব্যক্তিগতভাবে সম্মানিত হননি; তাঁর এই অর্জন কিশোরগঞ্জের পাশাপাশি দেশের আইন অঙ্গনের জন্যও একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।