তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আগামী ১২ নভেম্বর COP31 সম্মেলনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আনতালিয়া বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম (Dr. Serdar Çam)। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন মাননীয় প্রধানমন্ত্রী। ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে রওনা হয়।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের সরকারি সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *