ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার মানবন্ধন

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। এ মানববন্ধনে পোস্টার ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন দলটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূইয়া, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, রাজনৈতিক সেক্রটারি অধ্যাপক আজিজুল হক, প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রটারি ফকির মাহবুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর (Proportional Representation) পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ— এগুলোই আজ গণমানুষের দাবি।

মাওলানা আজিজুল হক আরও বলেন, সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে আয়োজনের চেষ্টা করে, তাহলে বোঝা যাবে এটি একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ। নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ তার জবাব দিবে। তাই সরকারকে শান্তিপূর্ণ উপায়ে ৫ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।