কিশোরগঞ্জে আইনজীবী ফোরাম এর উদ্যোগে নবনির্বাচিত জেলা বিএনপি নেতাদের সংবর্ধনা

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

জজ কোর্টের আইনজীবী হলরুমে অনুষ্ঠিত এই সংবর্ধনা ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলার নির্বাচনি প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শরীফ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান বাচ্চু।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম ও অ্যাডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লবসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নবনির্বাচিত জেলা বিএনপি নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপির আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা আরও জোরদার করতে হবে। তাঁরা সংগঠনের ভিত্তি মজবুত করার পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের হাতে ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।