কিশোরগঞ্জের কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

কুলিয়ারচর থেকে (মোহাম্মদ সজীব মিয়া)

রবিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবীদের স্মরণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫।


এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন খন্দকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের মেধাশক্তিকে ধ্বংস করার এক ভয়াবহ ষড়যন্ত্র। এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছিল, যার ক্ষতি আজও বাংলাদেশ বহন করছে।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও আদর্শ আমাদের জন্য অনন্ত প্রেরণার উৎস। তাদের চিন্তা-চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদ বুদ্ধিজীবীদের অবিস্মরণীয় অবদান এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।